বিদায়ী দিনেও বিস্ফোরক মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পাঁচ আঙুলের একটি হলেও আমি যে কোন আঙুল ছিলাম তা জানি না।’ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতভেদ প্রকাশ করা এই নির্বাচন কমিশনার অভিযোগ করে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমি কমিশনে বক্তব্য রাখতে গেলেও তা দেওয়া হয়নি। আমাকে বলা হলো এগুলো সংবিধানবিরোধী। একজনের পক্ষে কিছুই করা যায় না। গণতন্ত্রের কথা বলতে গিয়ে, গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে গণতান্ত্রিকভাবে আমি সংখ্যালঘু হিসেবে হেরে গেছি।
এর আগে সকালে কমিশনারদের নিয়ে বিদায়ী সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু সেখানে উপস্থিত হননি মাহবুব তালুকদার। পরে তার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের ডেকে আলাদা সংবাদ সম্মেলন করেন তিনি। বিগত সময়ে কেবল লিখিত বক্তব্যে তার সংবাদ সম্মেলন সীমাবদ্ধ রাখলেও এদিন তিনি বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশনের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত দূরত্ব ছিল না। ভবিষ্যতেও কারও সঙ্গে কোনও ব্যক্তিগত দূরত্ব থাকবে না। পাঁচ বছর একত্রে ছিলাম। পরেও সামাজিক অনুষ্ঠান বা যেকোনও বিষয়ে একসঙ্গে থাকবো।’
নির্বাচন কমিশনে মাহবুব তালুকদার ‘বিএনপির মুখপাত্র’, এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব দুঃখজনক যে মন্ত্রিপরিষদ সচিবের প্রেস ব্রিফিং থেকে জানতে পারলাম আমি বিএনপির মুখপাত্র। আমি কোনও বিষয়ে জোরেশোরে কথা বললেই বলা হয়, আমি বিএনপির সুরে কথা বলছি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থেকেও এই কথা শুনতে পাই। মুশকিলটা হচ্ছে, বিএনপির যে কী সুর তা আমি জানি না। যারা এই ধরনের কথা বলেন, তারা হয়তো জানতে পারেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশে গণতন্ত্রকে যেভাবে আমরা দেখতে চাই, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা; তা পূরণ করা হয়নি, গণতন্ত্র সমুন্নত নয়। যারা যেভাবে ব্যাখ্যা করুন না কেন গণতন্ত্রের সঙ্গে মানবাধিকার, ভোটের অধিকার সম্পৃক্ত। সত্যিকার অর্থে গণতন্ত্রকে জনজীবনে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, ‘আমি নীরব জনগোষ্ঠীর ভাষা বোঝার চেষ্টা করেছি। মানুষের অশ্রুত ভাষা বোঝার চেষ্টা করেছি। যা কিছু বলেছি, তাদের মুখপাত্র হিসেবে বলেছি।’
বিদায় বেলাও পৃথক সংবাদ সম্মেলন কেন তারও উত্তর দেন মাহবুব তালুকদার। তিনি জানান, মুক্তভাবে কথা বলতে আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি।